পাবনার রূপপুরে ৪ সাংবাদিকের উপর ইশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি তমাল ও তার ক্যাডার রাজিবসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পাবনায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
আজ (সোমবার) বেলা ১১ টার দিকে শহরের আব্দুল হামিদ রোড পাবনা প্রেসক্লাবের সামনে তারা এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
পাবনা সংবাদপত্র পরিষদ, পাবনা প্রেসক্লাব ও পাবনার সকল সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সবস্তরের সাংবাদিকবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কংক্রিট ঢালাই কাজের উদ্বোধন করেন বৃহস্পতিবার।
পেশাগত কারণে বুধবার খবর সংগ্রহের জন্য রূপপুর গেলে ভূমিমন্ত্রীর পুত্র ঈশ্বরদী যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমাল ও সম্পাদক রাজিব সরকারের নেতৃত্বে তার ক্যাডার বাহিনীর হামলায় চার সাংবাদিক মারাত্মক আহত।
আহত চার সাংবাদিক হলেন— পরিবর্তন ডটকম ও এটিএন নিউজের পাবনা প্রতিনিধি রিজভী জয়, সময় টিভি, বাংলাদেশ প্রতিদিন ও বিডি নিউজ’র প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, ডিবিসি নিউজের প্রতিনিধি পার্থ হাসান ও ক্যামেরাপারসন মিলন হোসেন।
ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও মূল আসামিদের গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মানববন্ধন থেকে বক্তারা। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
এএস





