সড়ক দুর্ঘটনা প্রতিহত করতে বিদ্যমান আইনের পরিবর্তন করে নতুন আইন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার মহানগর নাট্যমঞ্চের বশিরউদ্দিন মিলনায়তনে ‘নিরাপদ সড়ক চাই’আন্দোলনের ষষ্ঠ মহাসমাবেশে মন্ত্রী এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, "সড়ক দুর্ঘটনা প্রতিহত করতে বিদ্যমান আইনের পরিবর্তন করে নতুন আইন করা হবে। এতে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তিও বাড়ানো হবে।"

তিনি আরো বলেন, "সড়ক দুর্ঘটনা রোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে অন্য সবাইকে সহযোগিতা করতে হবে।"

মহাসমাবেশে ‘নিরাপদ সড়ক চাই’আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা রোধে কঠোর আইনের প্রয়োজন রয়েছে। আইনের প্রয়োগ দেখলে মানুষ সচেতন হয়। তাই দুর্ঘটনার জন্য দায়ী সবাইকে আইনের আওতায় এনে উদাহরণ তৈরি করতে হবে।

মহাসমাবেশে ‘নিরাপদ সড়ক চাই’আন্দোলনের উপদেষ্টা আবদুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্পের পরিচালক এম আলী আখতার হোসেন, মিশুক মুনীরের স্ত্রী কানিজ এফ কাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

জেডআই