আজ সকাল থেকেই আকাশে মেঘ জমেছে রাজধানী ঢাকাতে। সকাল ৮ টার পর বিভিন্ন স্থানে বৃষ্টি পড়তে শুরু করেছে। বৃষ্টির এ ধারা সারাদিনই থাকার সম্ভবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, আজ সারাদিনই ঢাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি মাঝে মাঝে নামতে পারে বৃষ্টি। এছাড়া কালও বৃষ্টির মাত্রা বাড়তে পারে। ইতোমধ্যে উত্তরাসহ রাজধানীর বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে দেখা গেছে।

আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আগামী ২ দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাবে বৃষ্টিপাত প্রবণতা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সৈয়দপুরে ৮৩ মি.মি.।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এইচএন