আপিল বিভাগের আদেশ অমান্য করায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে রুল জারী করেছেন হাইকোর্ট।
আজ আদালতে আবেদনের পক্ষে শুনানী করেন সিনিয়র আইনজীবী আব্দুর রব চৌধুরী। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা।
এ মামলার অপর আসামীরা হলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অর্থ-বিভাগের পরিচালক দহিদুলইসলাম, মানিকগঞ্জ জেলা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার ওবায়দুর রহমান,টাঙ্গাইল জেলা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যনেজার মোখলেছ গনি, গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার অসীম কুমার দাশ, রংপুর পল্লী বিদ্যুতের সমিতির জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আইন উপদেষ্টা অ্যাডভোকেট এবি সিদ্দিক।
আগামী ২ সপ্তাহের মধ্যে বিবাদীদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানী করে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদ এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালে টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতির লাইন ম্যান মাজদার হোসেনকে চাকুরীচ্যুত করে বিআরইবি।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এ আদেশের বিরুদ্ধে ২০১২ সালেই উচ্চ আদালতে রিট করেন মাজদার হোসেন। পরে শুনানী করে আদালত ২০১৪ সালে মাজদার হোসেনকেচাকুরীতে যোগদানের সযোগের পাশাপাশি বকেয়া বেতন ভাতা পরিশোধ করারও আদেশ দেন হাইকোর্ট।
হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষ । আপিল বিভাগ শুনানী করেহাইকোর্টের রায় বহাল রাখেন। কিন্তু আপিল বিভাগের এ আদেশ অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
সুপ্রিমকোর্টের আদেশ অমান্য করায় গত ২ মে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন মাজদার হোসেন। সে আবেদনের শুনানী করে আজ আদালত এ আদেশ দেন। এর আগেও ছয় কর্মীকে সাময়িক বরখাস্ত করার কারণ জানতে চেয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের মেজর জেনারেল মঈন উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে রুল জারি করেন হাইকোর্ট।
এমবি





