বাংলাদেশের অভ্যন্তরীন বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বেশী মাথা না ঘামানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় তিনি বলেন, আপনি (বারাক ওবামা) কিছু বলার আগে আয়নায় নিজের চেহারাটা একবার দেখে নিন। এসময় জঙ্গিবাদ দমনে হাসিনা সরকার বিদেশীদের চাইতে অনেক বেশী সফল বলেও মন্তব্য করেন তিনি।
আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে সেগুনবাগিচায় সাগর-রুনি মিলনায়তনে প্রয়াত সাংবাদিক আজিজুল হকের স্মরন সভায় এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরোও বলেন, বাংলাদেশের চেয়ে ইউরোপ-আমেরিকায় জঙ্গি তৎপরতা অনেক বেশী। সেদিক বিবেচনায় আমরা জঙ্গিবাদ দমনে বিদেশীদের চাইতে অনেক বেশী সফল। পৃথিবীর অন্য সব দেশের চেয়ে বাংলাদেশ জনবহুল রাষ্ট্র হিসেবে অনেক বেশি নিরাপদ।
এসময় তিনি আরোও বলেন, কয়েকটি বিচ্ছিন্ন হত্যাকাণ্ড বা ব্লগার হত্যা হলেই গণতন্ত্র ধ্বংস হয়ে যায় না, গণতন্ত্র কোনো কাচের গ্লাস নয়।
তিনি বলেন, বিচ্ছিন্ন কয়েকটি হত্যাকাণ্ড, ব্লগার হত্যার পর ‘গণতন্ত্র গেল’ বলে যারা শোরগোল করেন, তাদের উদ্দেশে বলতে চাই, গণতন্ত্র কোন কাচের গ্লাস নয়, এত ঠুনকো নয় যে, এতেই ধ্বংস হয়ে যাবে।
ইনু বলেন, বাংলাদেশে গণমাধ্যম চাপের মুখে- বিদেশিদের এ প্রতিবেদন মিথ্যা অপপ্রচার ও উদ্দেশ্যমূলক। এসব কিছু কোন সত্য তথ্যের ভিত্তিতে নয়। জঙ্গি তৎপরতা থেকে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ রাখতে সরকারের তৎপরতাকে বিতর্কিত করতে এটি করছে তারা।
মন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে একটি বড় ধরনের তহবিল গঠনের চেষ্টা চলছে। শুধু অস্বচ্ছলতায় নয়, সার্বিক কল্যাণে কাজ করবে এটি সমবায় প্রতিষ্ঠানের মতো। বহুবিধ বিষয়ে এ কল্যাণ ট্রাস্ট কাজ করবে। ওয়েবসাইটে এ ট্রাস্টের সদস্য হওয়ার সুযোগ রয়েছে। সদস্যদের বিপদে পাশে থাকবে এ ট্রাস্ট।
এ সময় প্রয়াত ক্রীড়া সাংবাদিক আজিজুল হকের কাজ ও নিষ্ঠার প্রশংসা করেন হাসানুল হক ইনু।
ডিআরইউ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি শফিকুল করিম, সিনিয়র সদস্য কাশেম হুমায়ূন, বর্তমান সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
পরে প্রয়াত সাংবাদিক আজিজুল হকের পরিবারকে তিন লাখ টাকার চেক দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আজিজুল হকের দুই ছেলে- তানভীর ও ফয়সাল।
এসটি





