ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল, শ্রেণিকক্ষে চেয়ার-টেবিল, বেঞ্চ ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানান, সকালে শিক্ষার্থীরা ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কে (আইকে রোড) গাছ ফেলে অবরোধ করলে প্রায় ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা অভিযোগ করে, ২ বছর আগে স্কুল ব্যাচের জন্য টাকা নিয়ে এখনো ব্যাচ প্রদান করা হয়নি, এছাড়া প্রধান শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশালিন আচরণ করায় তারা স্কুলে আসতে বিব্রত বোধ করে।
ছাত্রী আফসানা মিমি জানায়, তাদের সঙ্গে অশালিন আচরণ করেন প্রধান শিক্ষক। শিক্ষার্থী ইমরান হোসেন, সাইদুর রহমান, আফরোজা বেগম, সজিব হোসেন জানায়, প্রধান শিক্ষক ছাত্রদের ‘চোর’ অপবাদ দেয়ায় তারা স্কুলে যেতেও লজ্জা পান। এছাড়া ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মোজাম্মেল হক বলেন, ক্যাম্পের শিকল নামে একজন অভিভাবক ম্যানেজিং কমিটিতে আসতে না পেরে এবং রঞ্জু নামে একজনের দোকানের সামনে বসার জন্য স্কুলের বেঞ্চ না দেয়ায় তারা কিছু ছাত্রদের তার বিরুদ্ধে উস্কে দিয়েছে।
তিনি বলেন, কয়েকদিন আগে স্কুলের একটি ফ্যান চুরির ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে স্কুলে মিটিং করায় তারা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে তিনি স্কুলে যান এবং ঘটনাটি সম্পর্কে শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ শুনেছেন।
মঙ্গলবার স্কুলের ম্যানেজিং কমিটির সভায় বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রব জানান, বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের দাবি নিয়ে আলোচনা করার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





