ছাত্রলীগের জেলা কমিটিতে কোন পদ না পেয়ে টাঙ্গাইলে হরতাল পালন করছে সংগঠনটির পদ বঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ হরতাল।

এর আগে বুধবার সন্ধ্যায় শহরে একটি বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে এ হরতালের ডাক দেন নতুন কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ম সম্পাদক মির্জা রানা ও সফিউল আলম মুকুলসহ পদবঞ্চিত অন্যান্য নেতারা।

এদিকে কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীদের ডাকা হরতালে ভোগান্তিতে পড়েছেন টাঙ্গাইলবাসী। যানবাহন চলাচল করলেও নাশকতার আশঙ্কায় রয়েছেন সেখানকার অধিবাসীরা।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের পুরাতন কমিটি বিলুপ্তি করে ইসতিয়াক আহম্মেদ রাজিবকে সভাপতি ও শামিম আল মামুনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।

বুধবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটির ঘোষণা দেন।

এআর