বর্জ্য পরিশোধন প্লান্ট (ইটিপি) স্থাপন করা ছাড়া রাজধানীতে নতুন কোন বাড়ি বা বাণিজ্যিক ভবনের অনুমোদন দেবে না সরকার।
বুধবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে ড্যাপ (ডিটেইলড এরিয়া প্ল্যান) রিভিউ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে গৃহায়ন ও পূর্তমন্ত্রী সাংবাদিকদের বলেন, নদী ও পরিবেশ রক্ষার জন্য এখন থেকে কোনো নতুন বাড়ির প্ল্যান অনুমোদনের সময় ইটিপি স্থাপনের বিষয়টি নিশ্চিত করতে হবে। তা না হলে ভবন নির্মাণের অনুমোদন দেবে না রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ)। এই বিষয়ে রাজউক গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
গণপূর্তমন্ত্রী বলেন, শুধু সেফটিক ট্যাঙ্ক করে অনেকেই ঘরবাড়ি করেছেন, তাই গন্ধ বের হয়। এ গন্ধ কে সইবে? এজন্য ইটিপি আবশ্যিকভাবে বসাতে হবে।
ছোট-বড় সব ধরনেরই ইটিপি পাওয়া যায় জানিয়ে মন্ত্রী বলেন, কয়েকজন মিলে এই ইটিপি স্থাপন করতে পারবে। বাড়ি নির্মাণে ৫০ কোটি টাকা খরচ করলে এক কোটি টাকা দিয়ে কেন ইটিপি স্থাপন করবেন না?
মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, সম্প্রতি জাপানের প্রতিশ্রুত অর্থের একটি অংশ ঢাকার পাশ্ববর্তী চারটি নদী পরিস্কারের কাজে লাগানো হবে।
সভায় পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]