পরিকল্পনা অনুযায়ী পদ্মা সেতুর ৩২তম স্প্যান আজ বসানো হচ্ছেনা।

শনিবার (১০ অক্টোবর) বিকালে কাজ স্থগিত করা হয়েছে।

পদ্মায় তীব্র স্রোতের কারণে ভাসমান ক্রেন তিয়ান-ই নোঙর করতে সমস্যা হওয়ায় এবং ঠিকমতো স্প্যানকে ‘পজিশনিং’ করা সম্ভব না হওয়ায় কাজ স্থগিত করা হয়। তবে আগামীকাল (১১ অক্টোবর) রোববার সকালে স্প্যান বসানোর কাজ আবার শুরু হবে।

পদ্মা সেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করে জানান, নোঙর সমস্যার কারণে কনস্ট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে স্প্যানটি বহন করে রওনা দিতে ভাসমান ক্রেনের অনেক দেরি হয়।

নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো: আব্দুল কাদের জানান, অক্টোবরের প্রথম দিকে সবকটি স্প্যান বসানো শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বর্ষা মৌসুমে পদ্মার পানি ৬ মিটারের বেশি বৃদ্ধি পাওয়ায় স্রোতের তীব্রতা বেড়ে যায়। তীব্র স্রোতে ভাসমান ক্রেন নোঙর করতে অসুবিধা হয়। এতে শিডিউল অনুযায়ী স্প্যান বসানো যায়নি।

প্রকৌশলীরা আশা করেন, আগামী ডিসেম্বর নাগাদ সব স্প্যান বসানোর কাজ সম্পন্ন করা যাবে। বাকি থাকা ১০টি স্প্যানের মধ্যে অক্টোবরে ৪টি, নভেম্বরে ৪টি ও ডিসেম্বরে ২টি স্প্যান বসবে।

এমবি