ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচনী সহিংসতায় রকিবুল ইসলাম (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে শিশুটিকে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচিন্তপুর বিএনপির চেয়ারম্যান প্রার্থীসহ ২৮ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বিএনপি নেতা কর্মীদের আটকের খবরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গৌরীপুর থানার ওসি মো. আকতার মোর্শেদ সাংবাদিকদের জানান, গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী জায়েদুর রহমানের সমর্থনে সোমবার শাহগঞ্জ বাজারে মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে বাড়ি ফেরার পথে গাগলার মোড়ে শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র নাজিরপুর গ্রামের উসমান গনির ছেলে রকিবুল ইসলামকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে।

স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় রকিবুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনলে রাত সাড়ে ৯টার দিকে শিশুটি মারা যায়।

এ ঘটনার জন্য বিএনপি প্রার্থীর লোকজনকে দায়ী করেছে আওয়ামী লীগ। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, রকিবুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের লোকজন শাহগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিএনপির সমর্থক লোকজনের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

খবর পেয়ে পুলিশ শাহগঞ্জ বাজারে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং বিএনপির চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানসহ ২৮ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে আসে।

এসএম