রাজধানীর পুরান ঢাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম এনামুল হক। তাঁর বাড়ি গাইবান্ধা জেলায়।
শুক্রবার সকাল আটটার দিকে হোসনি দালান এলাকায় এ ঘটনা ঘটে। তিনি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন।
সকাল নয়টার দিকে এনামুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।
এনামুলের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।
নিহত ব্যক্তির ফুপাতো ভাই আতাউর রহমান বলেন, নির্মাণাধীন ১০ তলা ভবনের তৃতীয় তলায় কাছ করছিলেন এনামুল। হঠাৎ পা পিছলে নিচে পড়ে এ ঘটনা ঘটে।
এমআর





