ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় ভাই-বোন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। গরু ধানের চারা নষ্ট করা নিয়ে রোববার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মৌজা বৈরাটি গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে রাষ্টিক মিয়া (৫১) ও মেয়ে রাজিয়া খাতুন (৫৫)।

গৌরীপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, উপজেলার ময়লাকান্দা ইউনিয়নের মৌজা বৈরাটি গ্রামে রাষ্টিক মিয়ার গরু শনিবার বিকালে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার চল্লিশা বৈরাটি গ্রামের ফজলুর জমির ধানের চারা নষ্ট করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর রোববার সকালে সালিশ-দরবার হওয়ার কথা ছিল। কিন্তু ফজলুর শ্বশুর গেনু শেখ এলাকায় প্রভাবশালী হওয়ায় তা আর মানেননি।

সকাল সাড়ে ১০টার দিকে গেনু শেখ, তার মেয়ের স্বামী ফজলু ও আফতাব উদ্দিনসহ ২০-২৫ জন রাষ্টিক মিয়া ও তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিতে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে রাষ্টিক মিয়া, তার বোন রাজিয়া খাতুন, সিরাজুল ইসলাম ও লিংকনসহ আহত হন ছয়জন। পরে বাড়ির লোকজন তাদের গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দুপুরে রাষ্টিক মিয়া ও তার বোন রাজিয়া খাতুন মারা যান। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তিনি আরও জানান, গেনু শেখের বিরুদ্ধে হত্যা ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।

কেএইচ