বরিশাল বিএনপি'র মহানগর, জেলা উত্তর ও দক্ষিণ আয়োজিত শনিবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে বিএনপির ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
বিক্ষোভ মিছিল থেকে মহানগর বিএনপি'র যুগ্ম সম্পাদক ও সিটি কাউন্সিলর মীর জাহিদুল কবীর সহ দু'জনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এসময় বিক্ষোভ মিছিলের নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টার ঘটনায় সদর রোড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সকালে দলীয় কার্যালয় চত্বরে এবং অশ্বিনী কুমার হলের সামনে পৃথক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা উত্তর-দক্ষিণ ও মহানগর বিএনপি। সমাবেশ চলকালে নগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির অঙ্গ সংগঠনের মিছিল এসে মিলিত হয় সমাবেশে।
মহানগর বিএনপি'র যুগ্ম সম্পাদক সিটি কাউন্সিলর মীর জাহিদের নেতৃত্বে একটি মিছিল সদর রোড অতিক্রমকালে পুলিশ তাদের বাঁধা দেয়। একপর্যায়ে পুলিশি বাঁধা উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এসময় সদর রোড এলাকায় পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্তত ১০ জন নেতকার্মী আহত হয়। এসময় পুলিশ বিএনপি নেতা মীর জাহিদ ও পিন্টুকে ঘটনাস্থল থেকে আটক করে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, বিক্ষোভ মিছিল থেকে ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মীর জাহিদুল কবির জাহিদসহ দুইজনকে আটক করা হয়েছে। ওসি জানান সদর রোডে গোলযোগের ঘটনায় পুলিশ অভিযান চালাচ্ছে। এতে আটকের পরিমাণ আরো বাড়তে পারে।
জেড





