ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও ছাত্রদল নেতা-কর্মীদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় শহরের টিএ রোডে এ ঘটনা ঘটে।

এতে ছাত্রদলের নেতা-কর্মীদের হামলায় অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন।পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান,২০ দলীয় জোটের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে বিকেল ৫টার দিকে মিছিল বের করে জেলা ছাত্রদল। ব্রাহ্মণবাড়িয়া জেলার কালিবাড়ি মোড় থেকে বের হওয়া মিছিলটি কিছু দূর হলেই পুলিশি বাধার মুখে শুরু হয় সংঘর্ষ।

ছাত্রদল নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। প্রায় শতাধিক রাউন্ড টিয়ারশেল আর রাবার বুলেট ছুঁড়ে পুলিশও পাল্টা জবাব দেয়। এ সময় ককটেলের আঘাতে মো. সাইদুল নামে পুলিশ লাইনের একজন পরিদর্শক, ইটপাটকেলের আঘাতে টিআই বায়েজিদসহ বেশ কয়েকজন পুলিশ আহত হন।

ছাত্রদল নেতা-কর্মীরা শহরের রেলগেট, কালিবাড়ি মোড়, কান্দিরপাড় এবং জেলা পরিষদের সামনে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। প্রায় দেড় ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস দাবি করেছেন, ছাত্রদলের নেতা-কর্মীদের হামলায় অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে পুলিশ লাইনের পরিদর্শক মো. সাইদুল ককটেলের আঘাতে আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে জানান তিনি।

একে