সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম আবুল কালাম। তার বাড়ি টাঙ্গাইল জেলার নাগপুর উপজেলার আখতারাইল গ্রামে।
তিনি সৌদির হোটেল ইন্টার কন্টিনেন্টালে চিফ স্টুয়ার্ড হিসেবে কাজ করতেন। দীর্ঘ ৩০ বছর ধরে সৌদিতে কর্মরত ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে কর্মস্থল থেকে ফেরার পথে রিয়াদ থেকে ৮০০ কিলোমিটার দূরে রাফা নামক স্থানে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেয়ালে আছড়ে পড়লে মারা যান। এ ঘটনায় তার পরিবার ও কর্মস্থলে শোকের ছায়া নেমে আসে। এক মেয়ে ও স্ত্রী তার সঙ্গে সৌদিতেই থাকতেন। নিহতের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতা চেয়েছেন ঢাকায় বসবাসরত তার পরিবারের সদস্যরা।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





