রাজধানীর শাহবাগ থানার সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে বিউটি আক্তার (১৯) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিউটি ময়মনসিংহের ফুলপুর এলাকার রফিকুল ইসলামের মেয়ে।

শনিবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টায় সেগুনবাগিচার নকশি টাওয়ার এর চতুর্থ তলার মাকসুদুর রহমানের বাসার রান্না ঘর থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম।

তিনি জানান, বিউটি চলতি মাসে ওই বাসায় কাজ নেন। সেখানে তিনি কাজ করার সময় প্রায়ই মোবাইলে কথা বলায় ব্যস্ত থাকতেন। শনিবার সকাল ১০টা পর্যন্ত কাজ করার এক পর্যায়ে রান্না ঘরের দরজা লাগিয়ে দেন। দীর্ঘক্ষণ তার কোনো সাড়া শব্দ পাওয়া না গেলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে বিউটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত বিউটির মা জোসনা জানান, সুমন নামে এক ছেলের সঙ্গে বেশ কিছুদিন আগে বিউটির বিয়ে হয়। কিন্তু বিয়ের তিনদিনের মাথায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে বলেও জানান ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া।

স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির ঘটনাকে কেন্দ্র বিউটি আত্মহত্যা করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

ওএফ