কেন্দ্রীয় কর্মসূচি পালন করা নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪-৫ কর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ রাশেদ নামে এক যুবদলকর্মীকে আটক করেছে।
শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মিছিল করাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে জড়ো হন। এসময় মতিন গ্রুপ ও ফজলু গ্রুপের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের সভাপতি পদের দাবিদার ফজলুর রহমান লাঞ্চিত হন।
পরস্থিতি সামাল দিতে পুলিশ উভয়পক্ষকে সরিয়ে দিলেও ফজলু গ্রুপের লোকজন পুনরায় একত্রিত হয়ে প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে যায়। এ সময় উভয়পক্ষের দফায় দফায় সংঘর্ষ এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয়পক্ষের ৪-৫ জন কর্মী আহত হন।
এসময় স্থানীয় লোকজন আতঙ্গে দোকানপাট বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উভয়পক্ষকে ধাওয়া করে রাশেদ নামে এক যুবদলকর্মীকে আটক করে।
গত ৪ নভেম্বর উপজেলা ছাত্রদলের কর্মী সমাবেশের পর নেতৃত্ব নিয়ে মতিন গ্রুপ ও ফজলু গ্রুপের মধ্যে কোন্দল প্রকাশ্য রূপ নেয়।
জেআই





