রাজধানীর খিলগাঁও থেকে সায়েম গ্রুপ কর্মকর্তা মনিরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ৭টার দিকে খিলগাঁওয়ের শেখের জায়গার মস্তমাঝি এলাকার রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মনিরুল ইসলাম গতকাল মঙ্গলবার বিকাল ৫টার পর থেকে নিখোঁজ হন। তিনি গুলশান-২ এ অবস্থিত সায়েম টেক্সটাইল গ্রুপের এজিএম ছিলেন।

খিলগাঁও থানার এসআই আবু জাফর হাওয়লাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ৭টার দিকে খিলগাঁওয়ের শেখের জায়গার মস্তমাঝি এলাকার রাস্তায় মনিরুল ইসলামকে পড়ে থাকতে দেখা যায়। এরপর উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি। ময়না তদন্তে তা নিশ্চিত হওয়া যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

খবর পেয়ে ঢামেকে যাওয়া নিহতের ভাই নজরুল ইসলাম জানান, মঙ্গলবার অফিস থেকে বাসায় ফেরার পথে বিকাল ৫টায় খিলগাঁওয়ে নামেন তিনি। ড্রাইভারকে বিদায় দিয়ে বলেন, একটু পরে ফিরবেন। কিন্তু আর বাসায় ফেরেননি। আজ তার মরদেহ পেলাম।

তবে তার হঠাৎ নিখোঁজ ও পরে মরদেহ পাওয়ার পেছনে কোনো কারণ বলতে পারেননি নিহতের ভাই।

এমবি