ভিয়েতনামে চার দিনের সফরের পথে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টায় রাষ্ট্রপতি ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক ব্মিানবন্দরে পৌঁছান।
থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বলে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান। সফর শেষে আগামী ১৩ অগাস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
রোববার ব্যাংকক থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রুং তান সাংয়ের আমন্ত্রণে দেশটিতে চার দিনের সফরে যাচ্ছেন তিনি। স্ত্রী রাশিদা খানমও এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।
এর আগে সকালে তারা ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডিপ্লোম্যাটিক কোরের ডিন রবার্ট গিবসন, তিন বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
এআর





