কেরানীগঞ্জে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৭ জুন) সকালে জিনজিরা তাওয়াপট্টি বিশ্বমার্কেটের সামনে ওয়াটার কালার ওয়াশিং কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহাগ (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অপরদিকে সোয়ারীঘাট এলাকার সামনে বুড়িগঙ্গা নদীতে কচুরিপানার সঙ্গে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, সোহাগের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বরপৃষ্ঠ গ্রামে। আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।
কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, ওয়াটার কালার ওয়াশিং কারখানার সাটারের সঙ্গে বিদ্যুতের তার ছিঁড়ে লেগে থাকায় সাটারটি বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় সাটার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগের মৃত্যু হয়।
অপরদিকে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী বলেন, স্থানীয়দের কাছে থেকে সংবাদ পাই বুড়িগঙ্গা নদীতে একটি মৃতদেহ ভাসছে। ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি ২/৩ দিনের আগের। মরদেহের শরীরে পচন ধরায় আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। নিহতের পরনে ছিলো নীল রংয়ের জিন্স প্যান্ট ও প্রিন্টের হাফ হাতা শার্ট।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হোসেন বলেন, এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এমআর





