বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো নতুন দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে এ দুটি উড়োজাহাজকে বিমান বহরে সংযোজন করেন।
প্রধানমন্ত্রী নিজেই উড়োজাহাজ দুটির নাম ঠিক করে দিয়েছেন ‘মেঘদূত’ ও ‘ময়ূরপঙ্খী’।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিমানকে আরো লাভজনক করতে কার্গোর প্রয়োজন। এজন্য যে ধরনের সহযোগিতার প্রয়োজন তা দেয়ার আশ্বাস দেন তিনি।
শেখ হাসিনা বলেন, দেশের অভ্যন্তরে বা আন্তর্জাতিক ফ্লাইটে, উভয় ক্ষেত্রেই যাত্রীসেবা নিশ্চিত এবং আমাদের সুনাম রক্ষা করতে হবে।
এর আগে গত কয়েক বছরে বিমানের বহরে যুক্ত হয় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ‘পালকি’, ‘অরুণ আলো’, ‘আকাশ প্রদীপ’ ও ‘রাঙাপ্রভাত’।
সব মিলিয়ে বিমানের নিজস্ব অর্থে কেনা সুপরিসর বোয়িং উড়োজাজাজের বিমানের সংখ্যা এখন মোট ছয়টি।
২০১৮ সালের পর পর্যায়ক্রমে চারটি বোয়িং ৭৮৭ ‘ড্রিমলাইনার’ বিমান বহরে যুক্ত হবে বলে কর্তৃপক্ষ এরই মধ্যে জানিয়েছে।
১৯৭২ সালের ৪ মার্চ একটি ভাড়া করা উড়োজাহাজ দিয়ে শুরু হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন-ঢাকা ফ্লাইট। ৭ মার্চ অভ্যন্তরীণ রুটে সিলেট ও চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা শুরু হয়।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বিমান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ ও বিমানের ভারপ্রাপ্ত সিইও উইং কমান্ডার (অব.) আসাদুজ্জামানসহ বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমকে





