চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সংবাদপত্র বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার ভোরে উপজেলার জামালের দোকান এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির এসআই মো. মহসিন জানান।
তিনি বলেন, মাইক্রোবাসটি ঢাকা থেকে চট্টগ্রামে পত্রিকা নিয়ে যাচ্ছিল। ভোরে জামালের দোকান এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার মাঝখানে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায় এবং দুমড়ে মুচড়ে যায়।
এতে মাইক্রোবাসের আরোহী আসাদুজ্জামান (৪৮) ঘটনাস্থলেই নিহত হন। তিনি ওই মাইক্রোবাসে করে ঢাকা থেকে চট্টগ্রামের ঈদগাঁও এলাকায় নিজের বাসায় ফিরছিলেন।
মাইক্রোবাসের চালক শফিক (৪৫) ও তার সহকারী শফিকুলকে (৩০) আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শফিককে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান।
তিনি জানান, চালকের সহকারী শফিকুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এএইচ





