চাঁদপুরে বিদ্যুতের খুঁটি থেকে পা পিছলে পড়ে রাকিব হোসেন (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লাইন সম্প্রসারণ করার সময় বিদ্যুতের খুঁটিতে তার লাগিয়ে নিচে নামার সময় ওই শ্রমিক অসাবধানতাবশত: পা পিছলে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রমিক রাকিব পঞ্চগড় জেলার সদর উপজেলার খলিলুর রহমানের ছেলে। তিনি হাজীগঞ্জ পৌরসভার কাজী মোবারকের ছেলে রাজন হোসেনের ঠিকাদারী শ্রমিক হিসেবে কাজ করতেন।
রাজন হোসেন জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না। দুর্ঘটনার পর খবর পেয়ে হাসপাতালে গিয়েছি। সেখানে গিয়ে শুনতে পাই রাকিব মারা গেছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর হোসেন রনি বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে মরদেহ থানায় নিয়ে আসা হয়। সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে রাকিবের পরিবারের সদস্যরা পঞ্চগড় থেকে রওনা দিয়েছে। পরিবারের সদস্যরা এলে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। তারা মামলা করলে সে মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমবি





