মৃত ব্যক্তিদের তালিকায় নিজের নাম থাকায় বিপাকে পড়েছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপ্রত্যাশী এক প্রার্থী।  

আজ (বৃহস্পতিবার) জমাদানের শেষ তারিখ থাকলেও তিনি দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। বিপাকে পড়া ওই ব্যক্তির নাম আফছার উদ্দিন।

তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের (দেওলিয়াবাড়ি) বাসিন্দা। এর আগেও তিনি কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন।

আফছার উদ্দিনের চাচাতো ভাই মো. সামসুল হক বলেন, “আফছার ভাই কাউন্সিলর পদে নির্বাচন করতে মনোনয়নপত্র ও ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন। পরে দেখেন, সিডিতে ভোটার তালিকায় তাঁর নাম মৃত ব্যক্তিদের কাতারে রয়েছে। এ জন্য তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে তাঁকে ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে দৌড়াতে হচ্ছে।”

সামসুল হক আরও বলেন, আফছার গাজীপুর সিটির গত নির্বাচনেও কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন। কিন্তু বিজয়ী হতে পারেননি। তাঁর বাবার নাম মো. আফাজ উদ্দিন মুন্সি।

গাজীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম বলেন, ”আফছার উদ্দিনের চাচাতো ভাই সামসুল হক বিষয়টি সংশোধনের জন্য তাঁর পক্ষে আমার কাছে আবেদন জমা দেন। কিন্তু আফছার উদ্দিনের স্বাক্ষর নেই। এ জন্য ভুক্তভোগীকে আবেদন করতে হবে।

“আফছার উদ্দিন আবেদন’সহ এলে তাৎক্ষণিক সংশোধন করা হবে এবং তাতে মনোনয়নপত্র জমা নিতে কোনো সমস্যা হবে না।”  

আছলাম বলেন,  “সংশোধন করতে হলে তাঁকে আমার কাছেই আসা প্রয়োজন। তাঁর মোবাইল ফোনে বারবার যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া যাচ্ছে।”

এমবি