টাঙ্গাইল ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। শুক্রবার রাত ও শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরও ৩ জন।
টাঙ্গাইল:
শনিবার ভোর ৫টার দিকে কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের হতেয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিন যাত্রী।
নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক মোশারফ হোসেন মুসা ও চাঁপাইনবাবগঞ্জের অ্যাডভোকেট সৈয়দ শাহ জামাল। তিনি সুশাসনের জন্যে নাগরিক-সুজনের জেলা সভাপতি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটিকে হতেয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
চট্টগ্রাম:
গতকাল শুক্রবার মধ্যরাতে দিকে ডবলমুরিং থানার দনিয়ালাপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে মারা গেছেন।
বাবার নাম মো. সাগির (৪০)। চট্টগ্রাম নগরের মনসুরাবাদে তাঁর মুদি দোকান ছিল। আর নিহত ছেলের নাম জুনায়েদ (১০)। সে আগ্রাবাদে একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
নগরের ভেতরে কদমতলীর ওই সড়ক দিয়ে প্রতিদিন অনেকগুলো কাভার্ড ভ্যান ও ট্রাক চট্টগ্রাম বন্দর থেকে আমদানি ও রপ্তানিপণ্য আনা-নেওয়া করে। এগুলোর কোনো একটির ধাক্কায় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানান, দুর্ঘটনাটি ডবলমুরিং থানা এলাকায় ঘটেছে। নিহত সাগির তাঁর ছেলে জুনায়েদকে নিয়ে বিয়েবাড়ির দাওয়াত থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন।
জেড





