বিএনপি জনগণ ও পুলিশকে তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। তারা গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপির অপরাজনীতির ষোলো আনাই জনগণ এখন বুঝে ফেলছে। বিএনপির অপরাজনীতির ষোলোআনাই জনগণ এখন বুঝে ফেলছে। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে না বরং বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রোববার সকালে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সম্মেলনে যুক্ত হন।
গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সময় হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। জনগণ যে রায় দিবে তা মেনে নেওয়ার সৎ সাহস শেখ হাসিনার আছে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন একটি অশুভ মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। আন্দোলন ও নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর তারা এখন দেশে বিদেশে ষড়যন্ত্রের ঝুলি খুলে বসেছে। দেশে এখন এমন কোনো আন্দোলনের ইস্যু নেই, শেখ হাসিনার জনমুখী রাজনীতি বিএনপিকে আন্দোলনের ইস্যু সংকটে ফেলেছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘যেসব জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেসব এলাকায় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমটি করতে হবে। তবে নিজের অবস্থান ভারী করার জন্য নিজস্ব লোক দিয়ে কমিটি গঠন করা যাবে না। দলকে শক্তিশালী করতে হলে ত্যাগী কর্মীদের এগিয়ে আনতে হবে।’
তাড়াশ উপজেলা প্রান্তে এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ স্থানীয় নেতারা।
এএস





