গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

গতকাল (০৫ সেপ্টেম্বর) শনিবার রাত সোয়া ৯টার দিকে কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো: আব্দুল হামিদ মিয়া ও স্থানীয়রা জানান, দেওয়ালিয়াবাড়ি এলাকায় রতনের ঝুটের গুদামে গতকাল রাত সোয়া ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন টিনশেডের তৈরি পুরো গুদামে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের ৩টি, কালিয়াকৈর স্টেশনের ২টি ও কাশিমপুরের ডিবিএল স্টেশনের ১টিসহ মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাঁরা দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত ড্যাম্পিং করে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন।

আব্দুল হামিদ মিয়া জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে অগ্নিকাণ্ডে বড় আকারের ওই গুদামে রাখা ঝুটসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা সিগারেট কিংবা মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

এমবি