নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনার দেড় মাসের পর আজ শনিবার সকাল থেকে প্রথমবারের মতো প্রকাশ্যে টহল দিচ্ছেন র‌্যাবের সদস্যরা।

নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ টহল দেয়া হচ্ছে।

বিকালে চাষাঢ়া শহীদ মিনারে র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, ২৬ জুন উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব নির্বাচন কমিশনের কাছ থেকে বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত। র‌্যাবের ১ হাজার সদস্য এখানে দায়িত্ব পালন করবেন। আজ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি এলাকায় ৩ থেকে ৪টি টহল টিম কাজ করবে। ডগ স্কোয়াড, বোম স্কোয়াড থাকবে, থাকবে গোয়েন্দা নজরদারিও।

উল্লেখ্য, ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, প্রবীণ আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন। অপহরণের ৩ দিন পর শীতলক্ষ্যায় ৬ জনের লাশ ভেসে ওঠে। পরের দিন আরেকটি লাশ ভেসে ওঠে।

এ ঘটনায় র‌্যাব-১১-এর তত্কালীন অধিনায়ক তারেক সাঈদসহ ৩ জনকে প্রথমে চাকরি থেকে অব্যাহতি এবং পরে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার র‌্যাবের সাবেক ৩ কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এস এম রানা 'হত্যার দায়' স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ