রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে একটি পেট্রোল পাম্পের সামনে তেলবাহী একটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিব্বত মোড়ের কাছে ওই পাম্পে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। আগুনে তেলবাহী ট্যাংকারটি পুড়ে গেলেও আশপাশে আগুন ছড়িয়ে পড়েনি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

ঘটনাস্থলে থাকা দমকল বাহিনীর কর্মীরা জানিয়েছেন, ‘পেট্টোল পাম্প থেকে ওই তেলের ট্যাংকারটি বের হয়ে যাওয়ার সময় হঠাৎ করেই তাতে আগুন ধরে যায়। চালক ও হেলপার দ্রুত নেমে গেলে ট্যাংকারে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশেই ফায়ার সার্ভিসের স্টেশন থাকায় দ্রুত ফায়ার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পানি ছুড়তে শুরু করে। এতে পানির সঙ্গে তেল মিশে আগুন আরো বেড়ে যায়। পরে স্থানীয় লোকজন পাশের একটি নির্মানাধীন ভবন থেকে বালু এনে তাতে নিক্ষেপ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমানও বলতে পারেননি ফায়ার কর্মীরা। তবে আগুন ট্যাংকারটি পুড়ে গেছে।

জেআই/কেএইচ