চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা দর্শনা কেরু এ্যন্ড কোম্পানির টেন্ডার নিয়ে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষ ও বাড়ি ভাঙচুরের ঘটনায় উভয় গ্রুপ পৃথক পৃথক দুটি মামলা করেছে।

রোববার বিকালে এমপি আলী আজগার টগর গ্রুপের পক্ষ থেকে যুবলীগ নেতা শেখ আসলাম আলী তোতা বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

এর কিছুক্ষণ পর দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান গ্রুপের পক্ষ থেকে দাউদ আলী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০-১২ জনের নামে দামুড়হুদা থানায় আরো একটি মামলা দায়ের করেন।

দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান ঘটনাটি নিশ্চিত করেন।

গত শনিবার দুপুরে দর্শনা কেরু এ্যন্ড কোম্পানির জেনারেটর বহন টেন্ডারের ঠিকাদার আকবর আলীসহ পৌর আওয়মী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান গ্রুপের লোকজন টেন্ডার অনুযায়ী মালামাল বহন করতে গেলে এমপি আলী আজগার টগর গ্রুপের লোকজন বাধা দিলে সংঘর্ষ বাঁধে।

এতে উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হন। এ সময় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটে।

ঢাকা, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ