বগুড়ার সোনাতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে খড়ের গাদায় খড় নিতে গিয়ে ককটেল বিস্ফোরণে স্কুলছাত্রী শহীদা খাতুনের (৯) ডান হাতের কব্জি উড়ে গেছে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বগুড়ার সোনাতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের হামিদুল ইসলামের মেয়ে শহীদা খাতুন (৯) স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।
মঙ্গলবার সকাল ৯টায় বাড়ির উঠানে খড়ের গাদা থেকে খড় নিতে গেলে একটি কৌটা দেখতে পায়। কৌটাটি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে। পরে কৌটাটি পাশে রাখার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বাড়ির লোকজন ছুটে এসে শহীদাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা বলছেন, বেলা ১২ টার সময় তাকে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে।
শহীদার বাবা শহিদুল ইসলাম ও মা সুফিয়া বেগম জানান, বিস্ফোরণের শব্দে বাড়ির বাইরে এসে দেখি শহীদা অজ্ঞান হয়ে পড়ে আছে। তার ডান হাতের কব্জি নেই।
বগুড়ার সোনাতলা থানার অফিসার ইনচার্জ সেলিম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
জেআই





