গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় ইউসুফ (৪৫) নামে এক গরুচোরকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতলের মর্গে পাঠিয়েছে।

ইউসুফের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় বসবাস করত।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ আজাহারুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে বানিয়ারচালা এলাকার বাচ্চু মিয়ার বাড়িতে তিন গরু চোর হানা দেয়।

গৃহকর্তা টের পেলে চোরেরা পালিয়ে যায়। পরে ওই চোরেরা আধা কিলোমিটার দূরে একই গ্রামে অপর একটি বাড়ির গোয়াল থেকে গরু চুরির সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে।

এ সময় এলাকাবাসী চোরদের ধাওয়া করে ইউসুফকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার অপর সঙ্গীরা পালিয়ে যায়। সকালে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এআর