স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বন্দুকযুদ্ধ শুধু আমাদের বাংলাদেশেই হয় নাকি? সারা পৃথিবীতেই বন্দুকযুদ্ধ হচ্ছে। যেখানেই সন্ত্রাস হচ্ছে, সেখানেই আপনারা বন্দুকযুদ্ধ দেখছেন। কাজেই যেখানে সন্ত্রাস দমনের প্রয়োজনীয়তা দেখা দেয়, পুলিশ সেখানে অ্যাকশনে যায়, সন্ত্রাসীকে ধরতে যায়, সেখানেই বন্দুকযুদ্ধ হয়।’

রোববার বিকেলে প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
বন্দুকযুদ্ধ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ সন্ত্রাসীদের ধরতে গিয়ে প্রয়োজনে অ্যাকশনে যায়। তখন একটা কিছু হয়।’

তবে ‘একটা কিছু’ কী সে সম্পর্কে তিনি সাংবাদিকদের বিস্তারিত কিছু বলেননি। সাংবাদিকরা ‘একটা কিছু’ কী জানতে চাইলেও তিনি বিষয়টি এড়িয়ে যান। এসময় বর্তমানে দেশে চলমান সংহিসতা বন্ধে প্রচলিত আইনই যথেষ্ট বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আদালতের নির্দেশনা পেলে খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ একটি সৌজন্য সাক্ষাৎ। এ সাক্ষাতে প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের নিরাপত্তা উন্নয়ন করতে বলেছেন। সেটা আমরা দেখবো।’

জেএ