প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘গত বছর দেশে যে রাজনৈতিক অস্থিরতা ছিল সে কারণেই মামলা জটের সৃষ্টি হয়েছে। এ কারণে বিচার প্রার্থীরা নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। তারপরও ২০ থেকে ৩০ ভাগ মামলার নিষ্পত্তি করা হয়েছে।’
সোমবার দুপুরে নাটোর বার এ্যাসোসিয়েশন মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, ‘আমরা চেষ্টা করছি মামলা জট কমিয়ে আনার। বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে মামলা জট ৪০ থেকে ৫০ ভাগ কমিয়ে আনা যাবে।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ লুৎফা বেগম, নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম প্রমুখ।
এর আগে রবিবার বিকেলে নাটোর সার্কিট হাউসে এসে পৌঁছান প্রধান বিচারপতি। পরে তিনি উত্তরা গণভবন ও নাটোর রাজবাড়ি পরিদর্শন করেন। সন্ধ্যার পর স্থানীয় সার্কিট হাউসে নাটোরের বিচারকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
জেআই





