কুষ্টিয়া সদর উপজেলার লক্ষীপুর গ্রামে শরিফা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ আগস্ট) সকালে ধান খেতের ভেতর একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

শরিফা খাতুন সদর উপজেলার ইবি থানার পান্তাপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। সে লক্ষ্মীপুর হাসানবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর গ্রামের জুয়েল হাসানের সঙ্গে শরিফার প্রেমের সম্পর্ক ছিলো। মঙ্গলবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় বাড়ির পাশে দুইজন দেখা করতে যায়। এসময় স্থানীয়রা দেখে ফেললে তারা দুইজনে পালিয়ে যায়। পরে বুধবার সকালে বাড়ির পাশের ধান খেতের ভেতর থেকে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখলে শরিফার  মরদেহটি উদ্ধার করা হয়।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, জুয়েলকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। তাকে ধরতে পারলে সঠিক ঘটনা জানা যাবে।


এমএনজে