বাসচাপায় দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। কুমিল্লায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নিমসার এলাকায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া তুরাগের বটতলার খানটেকে কাভার্ট ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক নারী ভাটারা থানাধীন নর্দা এলাকায় ফুটওভার ব্রিজের নিচে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

জানা যায়, নিমসার এলাকায় ঢাকাগামী এশিয়া লাইন নামে একটি বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে অটোচালক ও এক যাত্রীর মৃত্যু হয়। এসময় অটোরিকশায় থাকা শিশুসহ তিন জন আহত হয়। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিমসার এলাকায় ঢাকাগামী একটি বাসের চাপায় দুই জন নিহত হয়েছে। আহত শিশুদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, তুরাগের বটতলার খানটেকে কাভার্ট ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নূর জাহান (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। বেলা পৌনে ১টার দিকে বটতলার খানটেকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নূরজাহানের গ্রামের বাড়ি শেরপুর।

তুরাগ থানা ডিউটি অফিসার এএসআই আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে।

এর আগে রাজধানীর ভাটারা থানাধীন নর্দা এলাকায় ফুটওভার ব্রিজের নিচে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আবুল হাসনাত সোহাগ (৩০) এবং মিরাজুল ইসলাম রাজু (৩৮)।

মিরাজুলের বোন মুক্তা আক্তার জানান, সোহাগ সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্সের ছাত্র। তিনি ওই কলেজের ছাত্রদলের যুগ্ম আহবায়ক এবং মিরাজুল জাতীয় শ্রমিক লীগের বনানী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ।

ভাটারা থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর মোজাম্মেল হক বাসসকে জানান, আজ ভোরের দিকে নর্দা বাসস্ট্যান্ডের সামনে একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সোহাগ ঘটনাস্থলেই নিহত হন । গুরুতর আহত মিরাজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোর পৌনে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ট্রাককে আটক করেছে । তবে চালক পলাতক রয়েছে। নিহত দুজনের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জেএ