টাঙ্গাইলের চলন্ত যাত্রীবাহী বাসে পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হওয়ায় পোশাক শিল্পে গভীর উদ্বেগ ও উৎকন্ঠার সৃষ্টি হয়েছে বলে মনে করছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

রবিবার সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে টাঙ্গাইলের ঘটনায় গভীর নিন্দা জ্ঞাপন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএমইএ মনে করে, উদ্যোক্তারা যখন শিল্পকে নিরাপদ করার সংগ্রামে লিপ্ত তখন শ্রমিক বোনদের উপর পৈশাচিক হামলা কোনোভাবেই কাম্য নয়।

বিজিএমইএ আরও মনে করে, এই ধরনের ঘটনা অব্যাহত থাকলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হবে এবং পোশাক শিল্পে উৎপাদন বিঘ্নিত হবে।

এর ফলে ২০২১ সালে পোশাক শিল্পের রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার যে ঘোষণা বিজিএমইএ দিয়েছে তা বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।

বিজিএমইএ এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে।

এসএম