মাত্র ১০ টাকায় এক কাপ চা, একটা সিঙ্গারা, চপ ও সমুচা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া পৃথিবীর কোথাও নেই বলে দাবি করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ‍

তিনি বলেছেন, ১০টাকার এই খাবারের বিষয়টি যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে, তাহলে গিনেস বুকে রেকর্ড হবে। এ সময় মেন্যুটিকে বিশ্ববিদ্যালয়ের গর্ব হিসেবেও উল্লেখ করেন তিনি।

রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে কলা অনুষদের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, দশ টাকায় গরম পানিও তো পাওয়া যাবে না রাস্তায়। অথচ দশ টাকায় এক চা, একটা সিঙ্গারা, একটা সমুচা এবং একটা চপ এগুলো পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে (টিএসসি)।

এটি আমাদের গর্ব, এটি আমাদের ঐতিহ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল। অনেকেই এমন বক্তব্যের সমালোচনা করেছেন। কেউ কেউ সমর্থনও করেছেন।

এএস