ঠাকুরগাওয়ে প্রেমিকার সামনে নিজ শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে প্রেমিকের মৃত্যু হয়েছে । রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই প্রেমিক পবিত্র কুমার ।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পানিশাল গ্রামের সুরেশ চন্দ্রের পুত্র ও শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের ছাত্র পবিত্র কুমার (১৮) ও একই উপজেলার লাহিড়ী ঠুমুনিয়া গ্রামের কার্তিক চন্দ্র সাহার কন্যা ও সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্রী দিতি রাণী সাহার (১৭) সাথে দীর্ঘদিনের প্রেম ছিল।

গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পবিত্র কুমার দিতি রাণীকে নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা সনগাঁও ফুটিয়া পাড়া গ্রামে যায়। দু’জনের কথাবার্তায় মিল না হওয়ায় এক পর্যায়ে পবিত্র কুমার বিষপান করে নিজ শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় ইউপি সদস্য রাশেদ আলম ঘটনাটি পুলিশকে জানালে এস আই জগলুল ঘটনা স্থলে পৌছে দু’জনকে থানায় নিয়ে আসেন । এরপর অগ্নিদগ্ধ পবিত্র কুমার কে বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পবিত্র কুমারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । আজ সকালে সেখানেই মারা যায় পবিত্র।

প্রেমিকা দিতি রাণী জানান, ষষ্ঠ শ্রেণি থেকে পবিত্র কুমার আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে । তার ডাকে সাড়া না দিলে পিতা-মাতাকে হত্যা করবে এই ভয় দেখালে আমি তার সাথে দেখা করি। তখন তার প্রস্তাবে রাজি না হলে সে বিষপান করে এবং শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়। আমার শরীরেও পেট্রোল ঢেলে দিয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল কাসেম জানিয়েছিলেন, পবিত্র কুমারের মাথায়, মুখে, গলায়, পিঠ ও বামপায় আগুনে ঝলসে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, প্রেম সংক্রান্ত ঘটনা পবিত্র কুমার কে উদ্ধার করে প্রথমে বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা বেগতি হওয়ায় চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাপাতালে রেফার্ড করেছিলেন। এস আই জগলুল পবিত্র কুমারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ।

এসএ