সড়ক দুর্ঘটনা মহামারী আকার ধারণ করেছে দাবি করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ আহবান জানানো হয়।

সংগঠনের মহাসচিব মোজ্জামেল হক পরিসংখ্যান টেনে বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতি বছর পাঁচ হাজার কোটি টাকার সম্পদ হানী, আট থেকে ১০ হাজার প্রাণহানী ঘটে। নিহত ও পুঙ্গ হওয়া যাত্রীদের ৫১ শতাংশ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যা মধ্য আয়ের দেশে যাত্রার পথে প্রধান প্রতিবন্ধক।

তিনি অভিযোগ করে বলেন, সারা দেশে তিনলক্ষ অবৈধ নছিমন, করিমন, ভটভটি, ইজিবাইক ও তিনলক্ষ ১৪ হাজার ফিটনেস বিহীন যানবাহন মহাসড়কে চলতে দিয়ে নিরীহ যাত্রীদের হত্যা করা হচ্ছে। ঢাকা মহানগরীর এক লক্ষ ২২ হাজার যানবাহনের মধ্যে ৩৩.৭২ শতাংশ ফিটনেস বিহীন। যা দেখার কেউ নেই।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় প্রানহানি হলে গাড়ীর চালক বা মালিকের বিরুদ্ধে ২০ ভাগ ক্ষেত্রে নিয়মিত মামলা, ৮০ ভাগ ক্ষেত্রে অপমৃত্যু মামলা হয়। এ পর্যন্ত ৭৫ হাজারের বেশি মামলা হলেও কোন মামলায় মালিক বা চালকের দৃষ্টান্ত মূলক শাস্তির কোন নজির নেই। যা সড়ক দুর্ঘটনা বৃদ্ধিকে উস্কে দিচ্ছে।

এ সময় লাইসেন্স ইস্যুর পদ্ধতি পরিবর্তন, গাড়ীর ফিটনেস পদ্ধতি ডিজিটাল করা, বেপরোয়া গতি বন্ধসহ আইনের যথাযথ প্রয়োগের দাবিও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের চেয়ারম্যান শরীফ রফিকুজ্জামন, অর্থ-সম্পাদক মাহামুদুল হাসান,সদস্য আজাহারুল আলম, হাবিবুর রহমান, বাংলাদেশ অনলাইন এক্টিভিষ্ট ফোরাম সভাপতি কবীর চৌধুরী তন্ময় প্রমুখ।

এমএ/ এআর