নির্বাচন কমিশনকে (ইসি) নিয়মিতভাবে ওয়েবসাইটের তথ্য হালনাগাদ করতে প্রধানমন্ত্রীর দফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। একই নির্দেশনা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতরকেও পাঠিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।
সোমবার গভর্নেন্স ইউনিটের পরিচালক মো. নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ‘বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রয়োজনীয় তথ্য সরবরাহের ক্ষেত্রে ওয়েবসাইট তাৎপরর্যপূর্ণ ভূমিকা রাখে।
এসব প্রতিষ্ঠানের স্ব স্ব ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করা না হলে দাফতরিক যোগাযোগের ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হয়। এছাড়া সেবা গ্রহীতাদের বিরুপ মনোভাবের সৃষ্টি হয়।
এ অবস্থা থেকে উত্তরণের জন্য মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর ওয়েবসাইট নিয়মিতভাবে হালনাগাদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা যাচ্ছে।’
সোমবার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ইসির তথ্য ও প্রযুক্তি শাখা। ইতিমধ্যে সকল তথ্য ইংরেজী ও বাংলা দুই ভার্সনেই হালনাগাদ করার প্রক্রিয়া অব্যহত রেখেছে।
ঢাকা,৩০ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর





