রাজধানীর রামপুরা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইয়েস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মাশফিক এলাহি চৌধুরী ও সিএসসি বিভাগের প্রভাষক তাশকিব জাবেদসহ ৭ জন আহত হয়েছেন। আহতরা ফরায়েজী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর তিনটায় বেসরকারি বিশ্ববিদ্যালেয় শিক্ষার্থীদের ওপর মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের দাবিতে রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করা সড়ক অবরোধ কর্মসূচিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।
এর আগে দুপুর ১২টা থেকে টিউশন ফি’র ওপর মূল্য সংযোজন কর (মূসক) আরোপ প্রত্যাহারের দাবিতে রামপুরায় সড়ক অবরোধ করে রাখে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ অবরোধের কারণে রামপুরা ও তার আশপাশের এলাকায় তীব্র জানযটের সৃষ্টি হয়।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ এম এ জলিল বলেন, ‘শিক্ষার্থীদের সড়ক অবরোধের ঘটনার কথা শুনেছি। ভ্যাট প্রত্যাহার নাকি অন্য কোনো কারণে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে বিস্তারিত জানা যাবে।’
জেআই





