প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যথেষ্ট অবদান রেখে যাচ্ছে। প্রতিটি দেশে প্রত্যেকেই আমাদের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন। যখন এই প্রশংসা আমি শুনি, সত্যিই গর্বে বুক ভরে যায়। কাজেই সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”
আজ (২৪ ডিসেম্বর) বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের বিএমএর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এইসব কথা বলেন।
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কল্যাণে সর্বদা কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “সততা ও নিষ্ঠার সঙ্গে সেনা সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। দুর্যোগ দুর্বিপাকসহ সবসময় মানুষের পাশে দাঁড়াতে হবে।”
প্রধানমন্ত্রী বলেন, “সেনাবাহিনীকে দেশের উন্নতিতে নিজেদের নিয়োজিত করতে হবে। নবীন সেনা সদস্যদের বিশ্বমানের করে গড়ে তুলে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে হবে।”
করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমরা জানি বর্তমানে গোটা বিশ্বের জন্য অত্যন্ত ক্রান্তিকাল যাচ্ছে। বিশেষ করে করোনাভাইরাসের প্রভাব শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপী এর প্রভাব পড়ছে এবং এর ফলে আমাদের অর্থনীতি স্থবির হয়ে যাচ্ছে, জীবনযাত্রা সীমিত হয়ে যাচ্ছে।”
করোনা মোকাবিলায় সেনাবাহিনীর অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “করোনা মোকাবিলায় আমাদের সেনাবাহিনী সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করা, মানুষের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করাসহ বিরাট অবদান রেখে যাচ্ছে।”
“এটা করতে যেয়ে অনেকেই অসুস্থ হয়েছেন। এর মধ্যে কেউ সুস্থ হয়েছেন, কেউ হয়তো মৃত্যুবরণ করেছেন। যাঁরা মৃত্যুবরণ করেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।” যোগ করেন প্রধানমন্ত্রী।
এমবি





