ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর এলাকায় মোকিম গাজী (৩০) নামে এক ছিনতাইকারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের কাঞ্চনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোকিম গাজী ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার আব্দুল হামিদের ছেলে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দীন আজাদ জানান, রাত ৮টার দিকে শহরের কাঞ্চনপুর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় পথচারীরা মোকিম গাজীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। তার বাম পায়ের গোঁড়ালী থেকে পায়ের পাতা ও ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

তিনি আরো জানান, মোকিম গাজী শহরের একজন চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে থানায় ৬/৭টি মামলা রয়েছে। ভাগ বাটোয়ারা নিয়ে একই গ্রুপের লোকজন তাকে কুপিয়ে থাকতে পারে বলে তিনি জানান।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় এখনো কেউ অভিযোগ করেনি।

ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জন ডা. জাহিদ জানান, আহত ব্যক্তির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। যে কারণে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ