অগ্নিকাণ্ডে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ের কয়েকটি কক্ষ পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার বেলা ১১টার দিকে আগুন লাগে বলে জানিয়েছেন সিএমপির মুখপাত্র এডিসি অলক বিশ্বাস।

তিনি বলেন, আগুনে ভবনে থাকা নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ের দ্বিতীয়তলার কয়েকটি কক্ষ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের সহাকরী উপ-পরিচালক জসীম উদ্দিন  জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিরাজুদ্দৌলা রোড, লামাবাজার ও আগ্রাবাদ কন্ট্রোল রুমের তিনটি ইউনিটের ১৩টি গাড়ি মাত্র ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে বৈদ্যুতিক গোলযোগ বা অন্য কোনো কারণে আগুন লেগেছে কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।