বগুড়ার ধুনটে ডাবলু (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার সোনাহাটা বাজারের পাশে এনজিও গাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ডাবলু ধুনটের নিমগাছি ইউনিয়ের মাঝবাড়ি গ্রামের দিলবর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে ডাবলুকে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে সোনাহাটা বাজারের কাছে গাক অফিসের সামনে পড়ে যান। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ডাবলুকে কুপিয়ে ফেলে রেখে যায়। বাজারের লোকজন উদ্ধার করে ধুনট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানিয়েছেন, নিহত ডাবলু আগে রাজনীতিতে সক্রিয় ছিলেন না। সম্প্রতি তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় হয়ে ওঠেন। ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করে থাকতে পারে।
হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সোনাহাটা বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে ধুনট থানার অফিসার ইন চার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, নিহতের রাজনৈতিক পরিচয় পুলিশ জানতে পারেনি। তবে প্রাথমিকভাবে নিহত ডাবলু একটি হত্যা মামলার আসামি বলে জানা গেছে।
কেএইচ





