আজ মাহে রমজানের শেষ শুক্রবার। পবিত্র জুমআতুল বিদা। মূলত জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে বিদায় সম্ভাষণ জানানো হয়। ১৪৪২ হিজরির শেষ জুমাবার আজ।
আজ (০৭ মে) জুমাতুল বিদাকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সারা মানবজাতিকে করোনাভাইরাস থেকে মুক্তির প্রত্যাশা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়েছে। এছাড়া দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বায়তুল মোকাররমে নামাজ শেষে মোনাজাতে মুফতি মিজানুর রহমান বলেন, “সারা মানবজাতি আজ করোনা মহামারির কবলে। প্রতিদিন লাখ লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই পরিস্থিতি থেকে একমাত্র আল্লাহ আমাদেরকে বাঁচাতে পারেন। তিনি যদি আমাদেকে না বাঁচান, তাহলে আমাদের বাঁচানোর মতো কেউ নেই।”
“আমরা তোমার (আল্লাহ) দরবারে হাত তুলেছি মাওলা। তুমি আমাদের ক্ষমা করে দাও। করোনা থেকে রক্ষা করো। এভবে চলতে থাকলে আমরা সবাই একে একে মারা যাব। তুমিই তোমার বান্দাদের রক্ষা করো।”
মুফতি মিজানুর রহমান আরও বলেন, “পবিত্র রমজানে আমরা তোমার দরবারে হাত তুলেছি। তুমি সারা বিশ্বের সব মানুষকে ক্ষমা করে দাও। মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করছি মাবুদ। তুমি আমাদের মতো পাপী বান্দাদের ক্ষমা করে দাও।”
এরআগে দুপুর ১২ টার পর থেকে বাইতুল মোকাররমে আসতে শুরু করেন মুসল্লিরা। জুমার ফরজ নামাজ চলাকালেও অনেকে মসজিদে নামাজের জন্য আসেন। ফলে মসজিদের বাইরে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয়েছে অনেককে।
এমবি





