পটুয়াখালীতে সংক্ষিপ্ত এক সফরে আসছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লোহো ফ্যাবিউস এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী ড. ফ্রাঙ্কভালটার স্টাইনমায়ার। তাদের সফরসঙ্গী থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ একাধিক দেশী-বিদেশী সংশ্লিষ্ট কূটনীতিক ও আমলা।
পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকার জানিয়েছেন, সোমবার সকাল পৌনে ১০টায় জার্মানের পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কভালটার স্টাইনমায়ার এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লোহো ফ্যাবিউস যৌথভাবে পরিদর্শনে আসছেন। মন্ত্রীদ্বয় কোস্টাল লাভলিহুডস এ্যাডাপসন প্রোজেক্টের (ক্লাপ) আওতায় সদর উপজেলার হকতুল্লাহ গ্রামে নবনির্মিত হকতুল্লাহ সাইক্লোন শেল্টার উদ্বোধন করবেন।
পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ জলবায়ু পরিবর্তনের ছোবলে পড়া ক্ষতিগ্রস্ত প্রশিক্ষণরত নারী ও পুরুষ কৃষকদের সঙ্গে কথা বলবেন এবং তাদের কথা শুনবেন। এ ছাড়াও তাদের বাংলাদেশ এগ্রিকালচারাল রিচার্জ ইনস্টিটিউটের (বাড়ি) প্রকল্প লেবুখালী রিজোনাল হটিকালচার রিচার্জ স্টেশন পরিদর্শনের কথা রয়েছে।
এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী (ইউরোপ) মো. শফিউল আলম স্বাক্ষরিত জরুরি এক সফর বার্তা থেকে জানা গেছে, জার্মান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সোমবার সকাল ৮টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ৮টা ৪০ মিনিটে ঢাকা থেকে বিমান বাহিনীর ৩টি হেলিকপ্টারে রওয়ানা করে ৯টা ৪০ মিনিটের সময় পটুয়াখালী এয়ারপোর্টে অবতরণ করবেন।
এরপর উল্লেখিত প্রকল্প পরিদর্শন শেষে ১১টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন। ১২টা ১০ মিনিটে ঢাকা মিলিটারী এয়ারপোর্টে নেমে সাড়ে ১২টায় হোটেল রেডিসান ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে বিশ্রাম নেবেন। পরে বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের সাক্ষাতের কথা রয়েছে।
এআর





