চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার সানোয়ারা আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে গ্যাসে আক্রান্ত হয়েমো. সোহেল (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. সোহেল বরিশালের মঠবাড়িয়া এলাকার মো. রুস্তম খানের ছেলে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর বিশু দাশ জানান, সানোয়ারা আবাসিক এলাকার রিয়াজুদ্দীন সড়কের ইসলাম ম্যানসন নামের একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। ভবনটির মালিক আহমেদ নবী নামে এক ব্যক্তি।

ভবনটিতে তিনজন শ্রমিক কাজ করতে গিয়েছিলেন। এর মধ্যে একজন বের হয়ে পড়লেও দুইজন আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট থেকে দুটি ও আগ্রাবাদ থেকে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে এক শ্রমিকের লাশ এবং এক শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহতের লাশ চান্দগাঁও থানায় হস্তান্তর এবং আহত শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান বিশু দাশ।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ছমি উদ্দিন বলেন, ‘নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক পঙ্কজ বড়ুয়া বলেন, ‘সেপটিক ট্যাঙ্ক থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে মো. কবির (৩৫) নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি বরিশাল জেলায়।’

ঢাকা, ১০ জুলাই, (টাইমনিউজবিডি.কম) // এসএইচ