দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক কান্তজির রাশ মেলায় একটি যাত্রা প্যান্ডেলে দুর্বৃত্তদের ছোড়া বোমায় কমপক্ষে ৬ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মিন্টু (৩০), সাইদুর (২৫), সাধন (৩৫), জব্বার (২৬), মোসাদ্দেক (২৩) ও উমাকান্ত (২২)।
শুক্রবার দিনগত রাত ১টায় কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঐতিহাসিক কান্তজির রাশ মেলায় ভোলানাথ যাত্রা প্যান্ডেলে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার পর আইন-শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মন্দিরের সেবায়েত প্রেমনাথ রায় (৬০) জানান, শুক্রবার রাত ১টার দিকে মন্দির প্রাঙ্গণের বাইরে যাত্রা চলছিল। এ সময় প্যান্ডেলের কাছে বোমা বিস্ফোরণ ঘটে।
কাহারোল থানার ওসি মোঃ আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাশ মেলায় ভোলানাথ যাত্রা প্যান্ডেলের উত্তর কোণে অজ্ঞাত দুর্বৃত্তরা বোম বিস্ফোরণ ঘটালে ৪জন আহত হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোন সংবাদ পাওয়া যায়নি এবং এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিস্ফোরণের ধরণ সম্পর্কে এই মুহুর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে। পুলিশ হামলাকারীদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করেছে।
এমএইচ





